সম্প্রীতি নষ্টের কু-মতলব সীমান্তবর্তী জেলায় অশুভ শক্তির চাল বানচালের নির্দেশ এবি-র
নতুন পয়গাম, কলকাতা, ১৬ সেপ্টেম্বর:
রাজ্যে সম্প্রীতি নষ্টের কু-মতলব আঁটছে বিজেপি। দুর্গাপুজো এবং বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির এমন চাল বানচাল করতে দলীয় নেতৃত্বকে নির্দেশ দিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (এবি)। সীমান্তবর্তী জেলাগুলোতে মূলত এই পাঁয়তারা করতে গোপনে তৎপরতা চালাতে পারে গেরুয়া শিবিরের লোকেরা। তাই সতর্কবার্তায় অভিষেক বলেছেন, এসআইআর ইস্যুতে সংখ্যালঘুদের মধ্যে বিভাজনেরও চেষ্টা চালাচ্ছে বিজেপির লোকেরা।
মঙ্গলবার বসিরহাট, যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা নিয়ে দলীয় বৈঠকে এ ব্যাপারে সাবধান সতর্ক করে অভিষেক সাফ বলেন, এসআইআর ইস্যুতে একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে বিজেপি অশান্তি বাধানোর হীন ষড়যন্ত্র করতে পারে। এই বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ছাড়াও ছিলেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেখানেই বিজেপির ঘৃণ্যু চক্রান্ত ও ষড়যন্ত্র নিয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে যে কোন হিংসা ও অশান্তি মোকাবিলার নির্দেশ দিয়ে অভিষেক বলেন, কেউ যেন গেরুয়া শিবিরের প্রতারণার ফাঁদে পা না দেন।
তিনি আরো বলেন, দুর্গাপুজো এবং ভোটের মুখে সাম্প্রদায়িক উসকানি, মহিলাদের অসম্মান করার মতো মিথ্যা প্লট বানিয়ে বিজেপি যেন বাংলাকে বদনাম করার সুযোগ না পায়, এসআইআর ইস্যুতে নতুন করে কোনও অশান্তি না ঘটাতে পারে, সেজন্য এখন থেকেই জনসংযোগ বাড়াতে ঝাঁপিয়ে পড়ুন সবাই। বসিরহাট লোকসভার উপনির্বাচন বিজেপি ষড়যন্ত্র করে আটকে রেখেছে বলেও এদিন অভিযোগ করেন অভিষেক।








