শরৎচন্দ্রের নামে ষ্টেশনের দাবি
নতুন পয়গাম
দেউলটি, ১৬ সেপ্টেম্বর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে স্বজনদের নিয়ে মঙ্গলবার ডেপুটেশন দেওয়া হল হাওড়া জেলার দেউলটি ষ্টেশন মাস্টারের নিকট। প্রয়াত সাহিত্যিকের মূর্তিতে মাল্যদান করেন জনপ্রিয় দুই বাংলার কবি, লালন গবেষক বরুণ চক্রবর্তী। ‘স্বজন’-এর সভাপতি প্রসূন কুমার মিত্র, বরুণ চক্রবর্তী, সমাজসেবী শচীন ঘোষাল, কবি টুম্পা রায়চৌধুরী, মহিলা ফুটবলার কনিনীকা রায়চৌধুরী, চিত্রশিল্পী সৈকত খাঁড়া, পরিবেশপ্রেমী পৌলভী মিশ্র প্রমুখের নেতৃত্বে এদিন স্বারকলিপি জমা দেওয়া হয় দেউলটি ষ্টেশন মাস্টারকে। এই ষ্টেশন কেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে করা উচিত, সে বিষয়ে আলোকপাত করেন বরুণ চক্রবর্তী। সৈকত খাঁড়া ও টুম্পা রায়চৌধুরী বাঙালির হৃদয়ে শরৎচন্দ্র কতখানি জায়গাজুড়ে আছে, তা আলোচনা করেন। স্বজন-এর সম্পাদক চন্দ্রনাথ বসু বলেন, দীর্ঘদিন ধরে দেউলটি ষ্টেশনকে শরৎচন্দ্র-এর নামাঙ্কিত করার দাবিতে গণস্বাক্ষর, ডেপুটেশন, আন্দোলন চলছে। অথচ রেল প্রশাসনের কোন হেলদোল নেই। আগামী দিনে এই দাবি পূরণ না হলে রেল লাইনের উপর বসে কবিতা পাঠ করা হবে। ষ্টেশন মাস্টার সবার কথা শুনে বলেন, ডিআরএম-কে এই স্মারকলিপি পাঠিয়ে দেওয়া হবে।








