পুজো পর্যন্ত ফুটপাত ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করবেন: আশ্বাস ডেপুটি স্পিকারের
রাজু মাল
নতুন পয়গাম, রামপুরহাট:
পুজোর মরসুমের আগে অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ীরা। দীর্ঘদিনের দাবি-দাওয়ার পর তাঁদের পাশে দাঁড়ালেন রাজ্যের ডেপুটি স্পিকার ড. আশীষ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে রামপুরহাট মহকুমাশাসকের দফতরে ফুটপাত ব্যবসায়ীদের সমস্যার সমাধান নিয়ে এক বিশেষ প্রশাসনিক বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমাশাসক, প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। ব্যবসায়ীরা অভিযোগ করেছিলেন, মাঝে মাঝেই প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। বিশেষত দুর্গাপুজোর আগে, যখন বছরের সবচেয়ে বড় আয়ের সময়, তখনই ব্যবসার অনিশ্চয়তা তাঁদের হতাশ করছিল।
বৈঠকের পর আশ্বাস মেলায় খুশি ফুটপাত ব্যবসায়ীরা। বৈঠক শেষে ড. আশীষ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “ফুটপাত ব্যবসায়ীরাও সমাজের অংশ। পুজোর আগে যেন তাঁদের কোনও সমস্যায় পড়তে না হয়, সেই অনুরোধই করেছি প্রশাসনকে। পুজো পর্যন্ত যেন কোনও উচ্ছেদ না হয়।”
তিনি আরও জানান, রাজ্য সরকার সর্বদা মানুষের পাশে রয়েছে। ফুটপাত ব্যবসায়ীদের স্বার্থরক্ষার পাশাপাশি যাতে যাতায়াত বাধাগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে প্রশাসনকে বলা হয়েছে। প্রয়োজনে ফুটপাত ব্যবসায়ীদের জায়গা বণ্টন ও দোকান বসানোর নিয়মনীতি সুষ্ঠুভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে।
এই ঘোষণায় খুশি ফুটপাত ব্যবসায়ী সংগঠন ‘যৌথ মঞ্চ’-এর সদস্যরা। তাঁদের বক্তব্য, “আমাদের দীর্ঘ আন্দোলনের জয় হয়েছে। দুর্গাপুজোর মরসুমে ব্যবসা করতে পারব, এটাই আমাদের বড় পাওনা।” বৈঠকের পর সংগঠনের পক্ষ থেকে ডেপুটি স্পিকারকে কৃতজ্ঞতা জানানো হয়।







