মাওলানাবাগ দরবার শরীফে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব
ধর্মীয় সৌজন্যের আড়ালে রাজনৈতিক তাৎপর্য
নিজস্ব সংবাদদাতা, নতুন পয়গাম, বসিরহাট:
উত্তর ২৪ পরগনার ঐতিহ্যবাহী মাওলানাবাগ দরবার শরীফে মঙ্গলবার দেখা গেল জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে। দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের জন্য পরিচিত এই আধ্যাত্মিক কেন্দ্রে এসে নেতারা পীরজাদাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও মতবিনিময় করেন।
এদিন দরবার শরীফে উপস্থিত ছিলেন মাওলানাবাগ দরবার শরীফের পীরজাদা এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের এক্সিকিউটিভ খোবায়েব আমিন। এছাড়া ছিলেন জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর ও রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁরা বসিরহাট মাওলানা দরবার শরীফের মেজ হুজুর, শিক্ষক সরফুল আমিনের সঙ্গেও দেখা করেন।
নেতারা দরবার শরীফে এসে মহান আলেম ও আধ্যাত্মিক পথপ্রদর্শক আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন। ধর্মীয় আচার পালনের পাশাপাশি তাঁরা দরবার শরীফের ঐতিহ্য, সমাজসেবামূলক কার্যক্রম ও স্থানীয় মানুষের মধ্যে সম্প্রীতির বার্তাকে বিশেষ গুরুত্ব দেন।
স্থানীয় সূত্রের খবর, এই সফর কেবল সৌজন্য সাক্ষাৎ নয়; সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের সুসম্পর্ক গড়ে তোলারও একটি উদ্যোগ। আলোচনায় শিক্ষা, সমাজকল্যাণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
রাজনৈতিক মহল মনে করছে, আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী কেন্দ্রগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে কংগ্রেস সাধারণ মানুষের কাছে আরও শক্ত ভিত তৈরি করতে চাইছে। সব মিলিয়ে বসিরহাটের মাওলানাবাগ দরবার শরীফে কংগ্রেস নেতৃত্বের এই সফর কেবল ধর্মীয় নয়, রাজনৈতিক ও সামাজিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ।








