নলহাটি ২ নম্বর ব্লকে তৃণমূলের নেতৃত্বে জট
কলকাতার বৈঠকের পরও সমাধান অধরা
সানাউল্লাহ, নতুন পয়গাম, বীরভূম:
দোদুল্যমান নলহাটি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে জল্পনা আরও ঘনীভূত। বিভাস অধিকারী সরে যাওয়ার পর থেকে ব্লক সভাপতির পদ কার্যত শূন্য। এক সময় রেজাউল হককে সভাপতি করা হলেও কিছুদিনের মধ্যেই তাঁকে সরিয়ে পাঁচ সদস্যের কোর কমিটি গঠন করে রাজ্য নেতৃত্ব।
রাজ্যনেতৃত্বের দাবি ছিল, এই পাঁচ সদস্য একযোগে দল পরিচালনা করবেন। কিন্তু বাস্তবে মতানৈক্য স্পষ্ট। কোর কমিটির মধ্যে একাধিক গোষ্ঠী তৈরি হয়েছে, কেউ কেউ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে নিজেকে তুলে ধরছেন, আবার কেউবা কাজল সেখের অনুগামী বলে দাবি করছেন। কোর কমিটির কয়েকজন নেতা তাঁদের অনুগামীদের নিয়ে চুপিসাড়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করেছেন বলেও সংগঠন সূত্রে জানা গিয়েছে।
১৫ সেপ্টেম্বর কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে নলহাটি ২ নম্বর ব্লকের নেতৃত্বের সমস্যার সমাধান হবে বলে আশা করেছিলেন স্থানীয় নেতারা। অনেকে নতুন করে গুঠি সাজানো শুরু করেছিলেন। কিন্তু রাজ্য নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে— আগামী নির্বাচন পর্যন্ত পাঁচ সদস্যের কোর কমিটিই ব্লক পরিচালনা করবে, একক সভাপতির কোনও আলোচনা এখনই হবে না।
ফলে অনুব্রত বা কাজল সেখের অনুগামী বলে দাবি করা নেতারা এখন কী করবেন, সেটাই প্রশ্ন। তাঁরা কি নিষ্ক্রিয় হবেন, নাকি রাজ্য নেতৃত্বের নির্দেশ মেনে একযোগে কাজ করবেন— তা জানা যাবে রাজ্য নেতৃত্বের চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই। তবে কলকাতার বৈঠক থেকে যে ইঙ্গিত পাওয়া গেছে, তাতে অন্তত নির্বাচনের আগে নলহাটি ২ নম্বর ব্লকে একক নেতৃত্বের সুযোগ নেই, এই বার্তাই স্পষ্ট।







