সন্তোষপুর স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
ভস্মীভূত একাধিক দোকান, বিপর্যস্ত ট্রেন চলাচল
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, বজবজ:
দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর স্টেশনে মঙ্গলবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সকাল সাড়ে ৭টা নাগাদ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখেন রেলযাত্রীরা। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে প্ল্যাটফর্মের দোকানপাট, আতঙ্ক ছড়িয়ে পড়ে নিত্যযাত্রী ও আশপাশের বাসিন্দাদের মধ্যে।
দাউদাউ আগুনের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার বজবজ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, প্ল্যাটফর্মের অধিকাংশ দোকান ছিল জামাকাপড়, চা এবং ছোটখাটো সামগ্রীর। বেশিরভাগই ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী কাঠামো। পুজোর মুখে ব্যবসায়ীরা নতুন মাল এনেছিলেন, যা এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। বড়সড় লোকসানে পড়েছেন দোকানদারেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।
স্টেশনে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়রা রেলের উদাসীনতাকে দায়ী করছেন। তবে রেলের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।







