প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের স্মরণসভা, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক মঞ্চে নেতারা
নিজস্ব সংবাদদাতা, ডোমকল:
সদ্যপ্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে সোমবার ডোমকল জনকল্যাণ ফুটবল মাঠে আয়োজিত হলো এক আবেগঘন স্মরণসভা। এই সভার আয়োজন করে ডোমকল টাউন ও ডোমকল ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি।
সভামঞ্চে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জেলা সভাপতি অপূর্ব সরকার, ডোমকল টাউন সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান মণ্ডল, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, জেলার একাধিক বিধায়ক- হুমায়ুন কবির, রবিউল আলম চৌধুরী, হাসানুজ্জামান, আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও তৃণমূল যুব সভাপতিসহ ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক এবং টাউন ও ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।
বক্তারা আবেগঘন কণ্ঠে জাফিকুল ইসলামের রাজনৈতিক জীবন, সংগ্রাম ও সমাজসেবার কথা স্মরণ করেন। তাঁর জীবনের কিছু ভুলত্রুটি ক্ষমা করে তাঁর পরিবারকে পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।
রাজনৈতিক ভেদাভেদ ভুলে এদিন মঞ্চে উঠে বক্তব্য রাখেন বিরোধী শিবিরের নেতারা— সিপিআইএমের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান এবং ডোমকল এরিয়া কমিটির সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা। তাঁদের বক্তব্যে উঠে আসে এক অনন্য মানবিক বার্তা: “জাফিকুল ইসলামকে রাজনৈতিকভাবে পরাজিত করতে চেয়েছি, কিন্তু মানুষ হিসেবে হারাতে চাইনি।”
স্মরণসভায় প্রয়াত বিধায়কের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। আবেগঘন সেই মুহূর্তে সভামঞ্চ থেকে সমগ্র মাঠে নেমে আসে শোকস্তব্ধ নীরবতা।








