মণিপুর, আসাম হয়ে কলকাতায় প্রধানমন্ত্রী
নতুন পয়গাম, কলকাতা, ১৪ সেপ্টেম্বর:
মণিপুর, আসাম সফর শেষ করে রবিবার রাতেই কলকাতায় পদার্পণ করলেন প্রধানমন্ত্রী। কাল সোমবার সকালে ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেনাবাহিনীর আমন্ত্রণেই রবিবার কলকাতায় আসেন তারা। দমদম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির নেতা-কর্মীরা। অনুগামীদের ভিড়ে গাড়ি থেকে নেমে হাত নাড়তে থাকেন মোদি। সেখান থেকে তাঁর হাইপ্রোফাইল কনভয় প্রোটোকল অনুযায়ী রাজভবনের দিকে রওনা দেয়। রাজভবনেই রবিবার রাত্রি যাপন করেন প্রধানমন্ত্রী। তবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে মোদির কোনও বৈঠক হবে কি না, তা জানা যায়নি।
তার আগেই কলকাতায় এসে হাজির হন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালরা। ইস্টার্ন কমান্ড সূত্রে খবর, ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনী অনুষ্ঠানের পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিয়ে সেনাকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সোমবার সকাল ১০টা নাগাদ কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের সূচনা করবেন মোদি। এই বৈঠকে রাজনাথ, দোভাল ছাড়াও থাকবেন প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং, পূর্বাঞ্চলের সেনা অধিকর্তা জেনারেল অনিল চৌহান প্রমুখ। এরপর দুপুরের আহার সেরে বিহার চলে যাবেন তাঁরা।








