কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০ তম জন্মদিন
সেখ মইদুল আলি, নতুন পয়গাম, বাগনান:
হাওড়ার বাগনানের দেউলটিতে শুরু হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মউৎসব। রবিবার কথাসাহিত্যিকের প্রতিকৃতিতে মাল্যদান করে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী নয়ন হালদার।
‘স্বজন’-এর উদ্যোগে আয়োজিত এই চারদিনব্যাপী অনুষ্ঠানে থাকছে কবিতা পাঠ, সঙ্গীত, পরিবেশ বিষয়ক আলোচনা, চারাগাছ বিতরণ ও গুণীজনদের সম্মাননা প্রদান। বিভিন্ন দিনের সূচিতে রয়েছে অঙ্কন প্রতিযোগিতা, কবিতা কোলাজ, শ্রুতি নাটক ‘দেবদাস’, বৃক্ষরোপণ কর্মসূচি এবং বড়দিদি সম্মান, বিদ্যাসাগর শিক্ষক সম্মান ও শরৎ রত্ন প্রদান। উদ্বোধনী দিনে উমা সিনহার সঙ্গীত পরিবেশনের পর প্রায় ৫০ জন কবি কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মানস কুমার বসু, যিনি শরৎচন্দ্রের বাড়ি এলাকার উন্নয়ন নিয়ে বিশদ আলোচনা করেন। উপস্থিত ছিলেন সর্ব জিৎ যশ, জয়ন্তী সোরেন, প্রিয়াঙ্কা কর্মকার, রঞ্জনা কর্মকার, শচীন ঘোষাল, ড. অর্নব দত্ত, ড. শিবানী পান্ডে, ড. সহদেব দোলুই, মহ ইউসুফ মল্লিক, প্রসূন কুমার মিত্র, চিত্রশিল্পী সৈকত খাঁড়া, নবাব মল্লিক আরও বহু বিশিষ্ট ব্যক্তি ও শিল্পী।
সংগঠনের সম্পাদক চন্দ্রনাথ বসু জানান, বাংলা ভাষা ও বাঙালির মর্যাদা রক্ষায় তারা সবসময় সরব থাকবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে দেউলটি স্টেশনের নামকরণের দাবিতে আগামী ১৬ সেপ্টেম্বর ষ্টেশন মাস্টারকে গণডেপুটেশন দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন।








