ভেনিসে ফিলিস্তিন প্রসঙ্গ তুলে বিতর্কে অনুপর্ণা
নয়াদিল্লি:
প্রযোজক ও পরিচালক অনুরাগ কাশ্যপের নিষেধ উপেক্ষা করে ভেনিস চলচ্চিত্র উৎসবে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়ায় বিতর্কে জড়ালেন বঙ্গতনয়া অনুপর্ণা রায়। বিতর্কের আগাম আঁচ করেই তাঁকে আন্তর্জাতিক মঞ্চে ফিলিস্তিন প্রসঙ্গ এড়িয়ে যেতে বলেছিলেন অনুরাগ। কিন্তু সেকথা শোনেননি অনুপর্ণা। বরং দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ করে তিনি বলেছেন, অন্যান্য দেশের মতোই ফিলিস্তিনের শিশুদেরও সুস্থভাবে বেঁচে থাকার অধিকার আছে। বিভিন্ন দেশ থেকে আগত কয়েক হাজার অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজকদের সামনে ফিলিস্তিনিদের দুর্দশার কথা বলতে গিয়ে ভারাক্রান্ত হয়ে কেঁদে ফেলেন অনুপর্ণা।
গত সপ্তাহে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একটি বিশেষ বিভাগে সেরা পরিচালকের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন পুরুলিয়ার ভূমিকন্যা অনুপর্ণা। ভারতীয় হিসেবে এই স্বীকৃতি প্রথমবার। ‘সংস অব দ্য ফরগটেন ট্রিজ’ সিনেমার সৌজন্যে বিশ্বজুড়ে এখন পরিচিত নাম অনুপর্ণা রায়। সেই মঞ্চেই তাঁর ফিলিস্তিন বিষয়ক সংক্ষিপ্ত বক্তৃতা ভারত তথা বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে। সেদিন তিনি বলেছিলেন, ‘প্রত্যেক শিশুরই শান্তি, স্বাধীনতা ও মুক্তির অধিকার রয়েছে। তাদেরও বাঁচার অধিকার আছে। ফিলিস্তিনের শিশুরাও এর বাইরে নয়। ওদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি হয়ত আমার দেশকে বিব্রত করব, কিন্তু এর জন্য আমি মোটেই চিন্তিত নই।’ বিশেষজ্ঞদের মতে, এদিন অনুপর্ণার পুরস্কার প্রাপ্তির থেকেও বেশি নজর কেড়েছে তাঁর আবেগময় বক্তৃতা। তার সেই বক্তব্য নিয়ে বিস্তর জলঘোলা চলছে। এই আবহে মুখ খুললেন পরিচালক অনুপর্ণা রায়। রবিবার তিনি বলেন, ‘আমি অন্যায়ের সঙ্গে আপস করতে পারি না। সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এসেছি। ফিলিস্তিনের পাশে দাঁড়ালে কেউ কম ভারতীয় হয়ে যান না। একইভাবে নেপাল, কাশ্মীর, মুর্শিদাবাদ বা গুজরাত — যেখানেই অন্যায় হয় বা হচ্ছে বা হবে, সেখানেই আমি মুখ খুলব।’








