মিজোরাম–কলকাতা–সায়রং এক্সপ্রেসকে ঘিরে মুর্শিদাবাদ স্টেশনে তৃণমূল–বিজেপি সংঘর্ষ
নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
মিজোরাম–কলকাতা–সায়রং এক্সপ্রেস চালু হওয়ায় মুর্শিদাবাদবাসীর মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস। রবিবার দুপুরে ট্রেনটি বহরমপুর হয়ে মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছনোর আগে থেকেই সেখানে ভিড় জমে। জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে তৃণমূল ও বিজেপি সমর্থকরা স্টেশনে জড় হয়। ট্রেন থামলে চালককে মিষ্টিমুখ করানো হয় এবং ট্রেনে উঠে পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় নেতাদের।
তবে স্বাগত জানানোকে কেন্দ্র করেই ট্রেন ঢোকার মুহূর্তে দুই দলের কর্মীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। মুহূর্তেই তা রূপ নেয় তুমুল শ্লোগান ও পাল্টা শ্লোগান । শোনা যায় ‘জয় শ্রীরাম’ ও ‘জয় বাংলা’ শ্লোগান। উপস্থিত ছিলেন তৃণমূলের সাংসদ আবু তাহের খান, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। অন্য দিকে বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও জেলা সভাপতি সৌমেন মণ্ডল।
ট্রেন বেরিয়ে যাওয়ার পরও পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ থাকলেও রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের দ্রুত তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ট্রেনটি সপ্তাহে তিনদিন কলকাতা থেকে সায়রং, সায়রং থেকে কলকাতা চলবে। তৃনমূল, বিজেপি ছাড়াও মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনকেও এদিন নতুন ট্রেনকে স্বাগত জানাতে স্টেশনে দেখা যায়।








