আর জি করের আবহ ফের মালদায়! জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য
গোলাম আহম্মেদ চিশতী, নতুন পয়গাম, মালদা:
আর জি কর মেডিকেল কলেজের ঘটনা এখনও রাজ্যে দগদগে। এর মধ্যেই ফের এক জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল রাজ্যজুড়ে। অভিযুক্ত মালদা মেডিকেল কলেজের এক জুনিয়র চিকিৎসক। পরিবারের অভিযোগ, পুলিশ নীরব ভূমিকা নিচ্ছে এবং এখনও অধরা অভিযুক্ত চিকিৎসক।
মৃত চিকিৎসক ছাত্রীর নাম অনিন্দিতা সরেন। তিনি আর জি কর মেডিকেল কলেজের এমবিবিএস ছাত্রী, বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। অভিযুক্ত জুনিয়র ডাক্তার উজ্জ্বল সোরেন মালদা মেডিকেল কলেজের ছাত্র, বাড়ি পুুরুলিয়ায়। বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক মাধ্যমে আলাপের মাধ্যমে অনিন্দিতা ও উজ্জ্বলের সম্পর্ক গড়ে ওঠে, পরে তা প্রেমে পরিণত হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার উজ্জ্বলের সঙ্গে দেখা করতে অনিন্দিতা মালদায় আসেন। উজ্জ্বল তাঁকে নিয়ে মালদা শহরের এক বেসরকারি হোটেলে ওঠেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন অনিন্দিতা। পরিস্থিতি বেগতিক হওয়ায় তাঁকে ভর্তি করা হয় মালদা মেডিকেলে। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। শুক্রবার রাতে অ্যাম্বুলেন্সে করে কলকাতায় যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মৃতার পরিবারের অভিযোগ, অনিন্দিতা গর্ভবতী ছিলেন বলে তাঁদের অনুমান। রেজিস্ট্রির কথা বলায় উজ্জ্বলের সঙ্গে মনোমালিন্য চলছিল। মানসিক নির্যাতনের পাশাপাশি হোটেলে গর্ভপাতের ওষুধ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ পরিবারের। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে তাঁদের দাবি।
ঘটনার পর থেকেই অভিযুক্ত উজ্জ্বল সোরেন বেপাত্তা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
এই ঘটনা ফের রাজ্যে আর জি করের আবহ তৈরি করেছে। ক্রমেই উত্তপ্ত হচ্ছে রাজ্যজুড়ে পরিস্থিতি।








