দুর্ঘটনার খবর প্রচারের জেরে সাংবাদিকের উপর হামলা
রহমতুল্লাহ, নতুন পয়গাম, মুর্শিদাবাদ:
মুর্শিদাবাদের ইসলামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার খবর প্রকাশের জেরে তিন সাংবাদিকের উপর নৃশংস হামলার অভিযোগ উঠল। অভিযুক্ত রোজ স্টার একাডেমির প্রধান শিক্ষক তথা মালিক গোলাম মর্তুজা ও তাঁর সহযোগীরা।
অভিযোগ, খবর সম্প্রচারের প্রায় দু’ঘণ্টা পর ইসলামপুর বাসস্ট্যান্ডে প্রকাশ্যে সাংবাদিকদের গালাগালি ও মারধর করা হয়। সাংবাদিক রফিকুল ইসলামকে টেনে হিঁচড়ে মারধর করা হলে ঘটনাটি ক্যামেরাবন্দি করতে গিয়ে আক্রান্ত হন আরও দুই সাংবাদিক রাকেশ শেখ ও আসিফ খান সঞ্জু।
আহত সাংবাদিকদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতাল থেকে ফেরার সময়ও তাঁদের উপর হামলা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আক্রান্তরা ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তীব্র নিন্দা করেছে সাংবাদিক সমাজ ও মানবাধিকার সংগঠনগুলি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠেছে।








