নলহাটি পাথর খাদান দুর্ঘটনা: ৬ শ্রমিকের মৃত্যুতে NIA তদন্তের দাবি
রাজু মাল, নতুন পয়গাম, রামপুরহাট:
গত শুক্রবার বীরভূমের নলহাটির বাহাদুরপুর এলাকায় একটি পাথর খাদান ধসে মৃত্যু হয়েছে ছয় শ্রমিকের। গুরুতর আহত আরও তিনজনকে ভর্তি করা হয়েছে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র বীরভূমে।
দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলা এই খাদানগুলোই জীবিকা নির্বাহের একমাত্র ভরসা ছিল এই শ্রমিকদের। অথচ প্রশাসনের চোখের সামনে রমরমিয়ে বেড়ে উঠেছে অনুমোদনবিহীন খাদান।
মর্মান্তিক দুর্ঘটনার পরই ক্ষোভ প্রকাশ করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বীরভূম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মিল্টন রসিদ। তাঁদের অভিযোগ, প্রশাসনিক গাফিলতি ও অনুমোদনহীন বিস্ফোরক সামগ্রীর অযাচিত ব্যবহারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
মিল্টন রসিদ এক ভিডিও বার্তায় জানান, “বীরভূমের প্রায় ২০০টি পাথর খাদানের মধ্যে মাত্র ৬-৭টি সরকার অনুমোদিত, বাকিগুলি অবৈধ। এত বিপুল পরিমাণ বিস্ফোরক কোথা থেকে আসে তা খতিয়ে দেখা প্রয়োজন। আমরা রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে NIA তদন্তের দাবি জানিয়েছি। তদন্ত সঠিকভাবে না হলে আমরা হাইকোর্টে যাব, যাতে অবৈধ খাদানগুলি বন্ধ হয় ও শ্রমিকদের জীবন রক্ষা পায়।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জেলার বহু পাথর খাদান ও ক্রাশারের কোনও বৈধ নথি নেই। তাঁদের দাবি, স্থানীয় শাসকদলের নেতা ও প্রশাসনের যোগসাজশেই এই অবৈধ খাদানগুলো গড়ে উঠেছে, যার সম্পূর্ণ দায় রাজ্য সরকারের।
ঘটনার পর রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এখন নজর রাজ্য সরকার ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার ভূমিকায়।







