এবার ‘বউ চুরি’র অভিযোগ কয়লা চুরি, বালি চুরি সেসব এখন পুরনো
সাহিনুর ইসলাম, নতুন পয়গাম, ভাঙড়:
কয়লা চুরি, বালি চুরি—এসব অভিযোগে রাজ্য রাজনীতি নতুন কিছু নয়। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এবার একেবারে আলাদা স্বাদের অভিযোগ! চুরি এবার বউয়ের— এক আইএসএফ কর্মীর বউ চুরি করেছে তৃণমূলের এক সক্রিয় কর্মী।
এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসল, ভাঙড় ২ নং ব্লকের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েতের ভুমরু গ্রাম থেকে। আইএসএফ কর্মী সালাউদ্দিন মোল্লার স্ত্রীকে বারবার নিয়ে পালানোর অভিযোগ উঠেছে গ্রামেরই তৃণমূলের সক্রিয় কর্মী মোকারেম মোল্লা ওরফে মোকা মোল্লার বিরুদ্ধে। সালাউদ্দিনের দাবি, “প্রায় পাঁচবার একই কাণ্ড ঘটেছে। থানায় গেছি, পার্টির নেতাদের জানিয়েছি, কেউ কিছু করেনি!”
হতাশ হয়ে স্ত্রীকে ফেরানোর দাবিতে শেষ পর্যন্ত প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসলেন স্বামী— আর তা-ও আবার পালিয়ে যাওয়া তৃণমূল কর্মীর ছেলের দোকানের সামনেই। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
এই অভিনব প্রতিবাদ, রাজনীতির আঙিনায় হাস্যরস ছড়িয়েছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে জানানো হলে তারা সাফ জানিয়ে দেয়, “এমন নোংরা বিষয়ে কথা বলব না।” ফলে গ্রামে যেমন হাসাহাসি, তেমনই রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন—কয়লা, বালি পেরিয়ে এবার বউ “চুরি” কাণ্ডে উত্তাল ভাঙড়!
প্রসঙ্গত, গত ২ দিন আগেই সুতির ৩নং ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি সোমনাথ দাস দলের এক কর্মীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগে রাজনীতিতে বেশ চর্চা হয়। ভাঙড়ের ঘটনা এই চর্চায় আরেক মাত্রা যোগ করল।








