চা শ্রমিকদের বোনাস বিক্ষোভে তুমুল উত্তেজনা, বানারহাটে ফের অবরোধ ইন্দো–ভুটান সড়ক
প্রীতিময় সরখেল, নতুন পয়গাম, জলপাইগুড়ি :
চা শ্রমিকদের বোনাস বিক্ষোভে ফের উত্তপ্ত হল জলপাইগুড়ির বানারহাট। শুক্রবারের পর শনিবারও ইন্দো–ভুটান সড়ক অবরোধ করে পথে নামেন চা শ্রমিকরা।
এদিন বানারহাট ব্লকের চুনাভাটি চা–বাগানের শ্রমিকরা কুড়ি শতাংশ বোনাসের দাবিতে সকাল থেকে সড়ক অবরোধে বসেন। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারের ঘোষণামতো ২০ শতাংশ বোনাস দেওয়ার বদলে মালিকপক্ষ একতরফাভাবে বোনাসের হার কমিয়ে দিয়েছে এবং শ্রমিকদের অজান্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রমিকদের দাবি— ঘোষিত ২০ শতাংশ বোনাস অবিলম্বে প্রদান করতে হবে এবং বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে দিতে হবে।
অবরোধের কারণে বানারহাট থেকে ভুটানগামী সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বানারহাট থানার বিশাল পুলিশবাহিনী।
পুজোর মুখে একের পর এক চা–বাগানে শ্রমিক বিক্ষোভে কার্যত বিপাকে পড়েছে প্রশাসন।








