বিধায়কহীন বড়ঞায় রাজ্যের মন্ত্রী পুলক রায়
এজাজ আহম্মেদ
নতুন পয়গাম, কান্দি:
মুর্শিদাবাদ জেলার বড়ঞা বিধানসভা বর্তমানে বিধায়কহীন। বিধায়ক জীবনকৃষ্ণ সাহার অনুপস্থিতিতেই এলাকার সমস্যার কথা শুনতে শনিবার বড়ঞা ব্লকের মারুট প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হলো “আমাদের পাড়া আমাদের সমাধান” শিবিরের।
এদিন শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়, অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামানিক, কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, বড়ঞার বিডিও গোবিন্দ দাস, বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধি।
মন্ত্রী পুলক রায়কে বরণ করে নেন গ্রামবাসীরা ঢাকঢোল, বাদ্যযন্ত্র ও আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে। তাঁকে সামনে পেয়ে গ্রামবাসীরা রাস্তা মেরামত, পুকুর বাঁধানো, লাইট বসানোসহ একাধিক সমস্যা ও দাবি তুলে ধরেন।
শিবির চলাকালীন মন্ত্রী ধৈর্য সহকারে গ্রামবাসীদের অভিযোগ ও প্রয়োজনীয়তার কথা শোনেন। তিনি আশ্বাস দেন যে আগামী দিনে এসব সমস্যার সমাধানে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নেবে এবং গ্রামীণ উন্নয়নমূলক কাজ বাস্তব রূপ পাবে।







