দুর্গোৎসবের আগে ধূপগুড়ির পুজো মণ্ডপে প্রশাসনের নজরদারি
প্রীতিময় সরখেল
নতুন পয়গাম, ধুপগুড়ি:
দুর্গোৎসবের আগে ধূপগুড়ির বড় বাজেটের পুজো মণ্ডপগুলিতে শনিবার যৌথ পরিদর্শন করল পুলিশ, দমকল, বিদ্যুৎ দপ্তর ও প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ, এসডিপিও গ্যালসন লেপচা, থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যসহ দমকল ও বিদ্যুৎ বিভাগের কর্তারা।
ভিড় নিয়ন্ত্রণের প্রবেশ-বাহিরপথ, অগ্নিনির্বাপণ যন্ত্রের কার্যকারিতা, নিরাপদ বিদ্যুৎ সংযোগ ও প্রশাসনিক নির্দেশিকা মেনে মণ্ডপ নির্মাণ—সবদিক খতিয়ে দেখেন আধিকারিকরা। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে আগে থেকেই সতর্কবার্তাও দেন।
অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ জানান, দুর্গোৎসব উত্তরবঙ্গের সবচেয়ে বড় উৎসব। তাই মানুষ যাতে নিরাপদে আনন্দে পুজো উপভোগ করতে পারেন, সে জন্য প্রতিটি মণ্ডপে পর্যালোচনা চলছে। দক্ষিণায়ন ক্লাবের সভাপতি সুবোধ দাস বলেন, নির্দেশ মেনে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তাই আমাদের অগ্রাধিকার।
প্রশাসনের এই তৎপরতা উৎসবের দিনে শৃঙ্খলা ও নিরাপত্তার ভরসা দিচ্ছে সাধারণ মানুষকে।







