ভারতের উপর ১০০% শুল্ক চাপাতে ইউরোপকে ট্রাম্পের চাপ
নতুন পয়গাম, ব্রাসেলস, ১২ সেপ্টেম্বর:
ভারতের উপর আমেরিকা চাপিয়েছে ৫০ শতাংশ শুল্ক। কিন্তু ইউরোপের দেশগুলো যেন ভারতের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপায়, সেজন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের পর এবার জি-৭ সদস্য দেশগুলোর কাছে ভারতের ওপর দ্বিগুণ শুল্ক আরোপের জন্য আবদার করেছেন মোদির ‘বন্ধু’ বলে পরিচিত ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ভার্চুয়াল বৈঠক করেন জি-৭ দেশগুলির অর্থমন্ত্রীরা। সেখানেই মার্কিন প্রশাসনের তরফে এ ব্যাপারে চাপ দেওয়া হয়, যেন তারা ভারতীয় পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপায়।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স বৈঠক চলাকালে ট্রাম্প বলেন, ‘বাধ্যতামূলক ভাবেই এটা করতে হবে। প্রসঙ্গত, ভারত-মার্কিন সম্পর্কের জটিলতা কাটাতে মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে ভারত-মার্কিন আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলতে আগ্রহী। আমার বিশ্বাস আলোচনা শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছবে।’
উল্লেখ্য, ট্রাম্পের অন্যায় দাবির কাছে মাথানত না করায় বাণিজ্য চুক্তি হয়নি ভারতের সঙ্গে। বাণিজ্য চুক্তির অগ্রগতি না-হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনও আলোচনা করবে না বলে জানায় হোয়াইট হাউস। কিন্তু ট্রাম্প একদিকে মোদিকে বন্ধু বলছেন, আবার ইউরোপের বন্ধু দেশগুলোর কাছে ভারতের সঙ্গে শত্রুতা বাড়াতে ১০০ শতাংশ শুল্ক চাপাতে চাপ দিচ্ছেন তিনি। এ কেমন দ্বিচারিতা, সে প্রশ্ন উঠছে ট্রাম্পের বিরুদ্ধে।








