জঙ্গল সাফ করে আদানির কয়লা প্রকল্প, তোপ কংগ্রেসের
নতুন পয়গাম, ইন্দোর, ১২ সেপ্টেম্বর: জঙ্গল সাফাই অভিযান চালিয়ে মধ্য প্রদেশে বনাঞ্চলের অধিকার আইন ভেঙে কয়লা খনি প্রকল্পের কাজ চালানোর অভিযোগ উঠল আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে। মধ্যপ্রদেশের ধিরৌলির কয়লা খনি প্রকল্প ঘিরে এই অভিযোগ তুলেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ। তিনি বলেছেন, নির্বিচারে গাছপালা কেটে চলছে আদানিদের এই অবৈধ প্রকল্পের কাজ। অবশ্য মধ্যপ্রদেশের বিজেপি সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।
কংগ্রেসী অর্থনীতিবিদ জয়রাম রমেশ বলেছেন, আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করেই ২০১৯ সালে প্রকল্পের অনুমোদন দেয় কেন্দ্র সরকার। এখন কেন্দ্র চাইছে চলতি বছরের মধ্যে কাজ শেষ করতে। রমেশের কথা, মোদি-বান্ধব আদানি কোনও আইন মানে না। এখানকার স্থানীয় বাসিন্দারা অধিকাংশই আদিবাসী। তার মধ্যে অত্যন্ত বিপন্ন আদিবাসী গোষ্ঠীও রয়েছে। বনভূমি সংক্রান্ত প্রকল্পে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চলছে এই কাজ। স্থানীয় গ্রামবাসীরা তাই প্রতিবাদ জানাচ্ছেন।
রমেশ আরো বলেন, আইন অনুযায়ী এমন প্রকল্পের আগে গ্রামসভার বৈঠক হওয়ার কথা। সংশ্লিষ্ট আইন ‘পেসা’-য় সেকথা স্পষ্ট বলা হয়েছে। সুপ্রিম কোর্টের একাধিক রায়েও বিষয়টি উল্লেখ আছে এবং বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু ওই এলাকায় এমন কোনো উদ্যোগই নেওয়া হয়নি। কংগ্রেসের অভিযোগ, মহুয়া বা তেন্ডু, আয়ুর্বেদ গুণাগুন সম্পন্ন ঔষধি উদ্ভিদে সমৃদ্ধ ৩৫০০ একর বনাঞ্চলে চলছে আদানিদের কয়লা খনি প্রকল্পের কাজ। তাই দেদার গাছপালা কাটা হচ্ছে অনুমোদন ছাড়াই।








