‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরের জন্য হাজার কোটি টাকা দিল নবান্ন
নতুন পয়গাম, কলকাতা, ১১ সেপ্টেম্বর: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে রাজ্যজুড়ে চলছে শিবির। সেখানে সাধারণ মানুষ গিয়ে তাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক নানারকম সমস্যা বা অসুবিধার কথা জানাচ্ছেন। সেইসব সমস্যা সমাধানে এবার ১ হাজার কোটি টাকা বরাদ্দ ছাড়ল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, কোথাও নলকূপ বসানো বা মেরামত করা, কোথাও রাস্তায় এলইডি লাইট লাগানো, কোথাও নিকাশি ব্যবস্থা করা ইত্যাদি গ্রামোন্নয়নমূলক কাজ হবে এই টাকায়। রাজ্য জুড়ে চলমান ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির থেকে উঠে আসা এইসব কাজের তালিকা তৈরি করছে সরকার।
গত ২ আগষ্ট থেকে এই শিবির চালু হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ এলাকায় কী কী উন্নয়নমূলক কাজ হবে, তা চূড়ান্ত হয়ে গিয়েছে। টেন্ডার ডাকার কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। এমতাবস্থায় এই প্রকল্পের জন্য এক হাজার কোটি টাকা অনুমোদন দিল নবান্ন। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা পরিকল্পনা ও পরিসংখ্যান দপ্তরকে এই টাকা দেওয়া হয়েছে। নতুন এই কর্মসূচিতে বুথ পিছু ১০ লক্ষ টাকা বরাদ্দ করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই হিসেবে রাজ্যে মোট ৮ হাজার কোটি টাকা খরচ হওয়ার কথা। জানা গিয়েছে, আপাতত প্রথম দফায় এক হাজার কোটি টাকা দেওয়া হল। এরপর ধাপে ধাপে প্রয়োজন মতো বাকি ৭ হাজার কোটি টাকা ছাড়বে রাজ্য সরকার। জানুয়ারি ২০২৬-এর মধ্যে তালিকাভুক্ত সব কাজ শেষ করার টার্গেট নিয়েছে প্রশাসন। ৩ নভেম্বর পর্যন্ত চলবে এই শিবির। এ পর্যন্ত বিভিন্ন জেলা ও ব্লক স্তরে ২১ হাজারেরও বেশি এই শিবির হয়েছে। এসব শিবিরে এসে নিজেদের চাহিদা, প্রয়োজন ও দাবি-দাওয়া লিখিতভাবে জানিয়ে গিয়েছেন প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষ।








