নাগরিকত্ব: সোনিয়ার বিরুদ্ধে মামলা খারিজ
নতুন পয়গাম, নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর:
সোনিয়া গান্ধীর নাগরিকত্ব নিয়ে মামলা করেছিলেন বিজেপির আইটি সেলের কর্ণধার অমিত মালব্য। দিল্লি হাইকোর্টে তিনি বলেছিলেন, এ দেশের নাগরিক হওয়ার আগেই ভোটার হয়েছিলেন বা ভোটার লিস্টে নাম তুলেছিলেন সোনিয়া গান্ধী। এই অভিযোগ জানিয়ে মামলা করা হয় আদালতে। বৃহস্পতিবার সেই মামলা পত্রপাঠ খারিজ করে দিল আদালত।
বিজেপি নেতা অমিত মালব্যের অভিযোগ ছিল, নাগরিকত্ব পাওয়ার ৩ বছর আগেই ১৯৮০ সালের জানুয়ারিতে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল সোনিয়া গান্ধীর। কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে জাল নথি ব্যবহারের অভিযোগও তোলেন মালব্য। তাই কংগ্রেসের একদা হাইকমান্ড এবং বর্তমানে রাজ্যসভার সাংসদ সোনিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানান মালব্য।
সেই মামলা খারিজ করে দিলেন অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া। এতে কংগ্রেসের অন্দরমহলে স্বস্তি ফিরে এল। বিজেপি শিবিরের দাবি, ১৯৮০ সালে ভোটার তালিকায় নাম তোলা হয়েছিল সোনিয়া গান্ধীর। যদিও তিনি আরও তিন বছর পরে ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন। এক্স হ্যান্ডেলে ১৯৮০ সালের দিল্লির একটি বুথের তালিকার ছবি পোস্ট করেন মালব্য। তাতে দেখা যায় সোনিয়া গান্ধীর পাশাপাশি ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, সঞ্জয় গান্ধী, এবং মানেকা গান্ধীর নামও রয়েছে। মালব্য অভিযোগ করেন, ১৯৮০ সালের ভোটার তালিকা সংশোধনের সময় সোনিয়ার নাম যুক্ত করা হয়। জনগণের বিরোধিতার মুখে সেই নাম ১৯৮২ সালে বাদ দেওয়া হলেও ১৯৮৩ সালের জানুয়ারি মাসে তাঁকে ফের তালিকাভুক্ত করা হয়। যদিও ১৯৮৩ সালের এপ্রিল মাসে ভারতের নাগরিকত্ব পান সোনিয়া।








