শালবুনির ছবির স্বপ্নপুরী বৃদ্ধা আশ্রমে স্বাস্থ্য পরিষেবা কক্ষের উদ্বোধন
নতুন পয়গাম, বীরভূম:
বীরভূম জেলার সদর শহর সিউড়ির অদূরে, কড়িধ্যা পঞ্চায়েতের অন্তর্গত শালবুনির নিরিবিলি অরণ্যে গড়ে উঠেছে এক মানবিক উদ্যোগ—‘ছবির স্বপ্নপুরী’ বৃদ্ধা আশ্রম। বিভিন্ন স্থান থেকে আসা অসহায় বৃদ্ধা মায়েদের আশ্রয় ও সেবা দেওয়া হলেও দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবার বিশেষ চাহিদা ছিল। অবশেষে সেই চাহিদা পূরণ হল। সম্প্রতি এই আশ্রমে স্বাস্থ্য পরিষেবা কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিউড়ি সদর হাসপাতালের সুপার ডা. প্রকাশচন্দ্র বাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Suri People Social Welfare-এর সভাপতি সাহানা বেগম, এস.ডি.এল.আর.ও.সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ডা. বাগ বলেন, “এই কক্ষ চালু হওয়ায় আশ্রমের অসহায় বৃদ্ধা মায়েরা চিকিৎসার ক্ষেত্রে বড় উপকৃত হবেন। সিউড়ি সদর হাসপাতাল ভবিষ্যতেও এ আশ্রমকে স্বাস্থ্য পরিষেবায় সহযোগিতা করবে।”
অনুষ্ঠানের মধ্যাহ্নভোজন শেষে বিকেলে নবনির্মিত স্বাস্থ্য পরিষেবা কক্ষে আশ্রমের বৃদ্ধাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা. শৈবাল মজুমদার এবং নগরী লিভার ফাউন্ডেশনের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে তাঁদের চিকিৎসা করেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধ আশ্রমে পৌঁছে দেন।
আশ্রমের কর্ণধার ছবিলা খাতুন আবেগঘন কণ্ঠে বলেন, “আমার মা কাঁদলে খুব খারাপ লাগে। কিন্তু মায়েরা যদি আমার কারণে হাসেন, সেটাই সবার ভালো লাগবে। আশ্রমের অসহায় মায়েদের ভালো রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।”
প্রসঙ্গত, ছবিলা খাতুন কেবল এই আশ্রমের কর্ণধার নন, তিনি একজন বিশিষ্ট লেডি পুলিশ অফিসারও। প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন তিনি। শালবুনির জঙ্গলে দাঁড়িয়ে তাঁর এই উদ্যোগ অসহায় বৃদ্ধাদের জন্য হয়ে উঠেছে আশ্রয় ও ভরসার বাতিঘর। সমাজের নানা স্তর থেকে তাঁর এই কাজের প্রশংসা জানানো হচ্ছে।








