সিউড়ির দুটি স্কুলে সারপ্রাইজ ভিজিটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি, উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ
খান সাহিল মাজহার–
নতুন পয়গাম, বীরভূম:
বীরভূমের সিউড়িতে বৃহস্পতিবার দুটি স্কুলে হঠাৎ পরিদর্শনে এলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সিউড়ির হাটজন বাজার এলাকায় রাম প্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয় এবং সিউড়ি শহরের কালী গতি নারী শিক্ষা নিকেতন – এই দুটি বিদ্যালয়ে তিনি সারপ্রাইজ ভিজিট করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পর্ষদের অন্যান্য আধিকারিকরা।
পরিদর্শন চলাকালীন তিনি ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার পরিবেশ খতিয়ে দেখেন। তিনি জানান, এবছর সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণত অন্যান্য বছর যেখানে ৯৩ থেকে ৯৫ শতাংশ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে, সেখানে এবছর উপস্থিতির হার বেড়ে দাঁড়িয়েছে ৯৯ শতাংশে। প্রায় সকলেই পরীক্ষাকেন্দ্রে এসে সাফল্যের সঙ্গে পরীক্ষা দিচ্ছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।








