বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপের দাবি অধীর রঞ্জন চৌধুরীর
নতুন পয়গাম, নিউ দিল্লি, ১০ সেপ্টেম্বর :
বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন সিনিয়র কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
তিনি রাষ্ট্রপতির কাছে অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গ থেকে ক্রমাগত শ্রমিকরা কাজের সন্ধানে রাজ্যের বাইরে যাচ্ছেন। শিল্প-কারখানা বন্ধ, কর্মসংস্থানের সংকট এবং অর্থনৈতিক পরিস্থিতির অবনতি এর প্রধান কারণ। কিন্তু বাইরে গিয়ে শ্রমিকরা নানা জায়গায় হয়রানি, কর্মচ্যুতি ও পুলিশের দ্বারা নিপীড়নের শিকার হচ্ছেন।
চৌধুরীর দাবি, ওড়িশা, আসাম, উত্তরপ্রদেশ, বিহার ও দিল্লিতে বাংলার শ্রমিকদের পরিচয় যাচাই এর নামে বাংলা ভাষাভাষীদের প্রায়শই বাংলাদেশি হিসেবে গণ্য করা হচ্ছে। তিনি এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। তার মতে, তৃণমূল কংগ্রেস সরকার শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত না করে কেবল ভাতা দিয়ে দায় এড়াচ্ছে। রাজ্যের বাইরে পরিযায়ীশ্রমিক মারা গেলে মাত্র ২৫ হাজার টাকা দেওয়া হয় দেহ ফিরিয়ে আনতে, যা তিনি তুচ্ছ ও অপ্রতুল বলে মন্তব্য করেন।
রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনা এবং শিল্পকে উৎসাহিত করাই একমাত্র সমাধান বলে চৌধুরী মত প্রকাশ করেন। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকেও পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা ও আটক নিয়ে নীরব থাকার জন্য দোষারোপ করেন। কংগ্রেস জাতীয়স্তরে বিষয়টি তুললেও বাস্তবে কোনো উন্নতি হয়নি বলে তিনি জানান।
রাষ্ট্রপতির কাছে তিনি শ্রমিকদের প্রকৃত পরিস্থিতি তুলে ধরে সমস্যার দ্রুত সমাধানের জন্য হস্তক্ষেপের দাবি জানান।








