সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতে পদযাত্রা
উমার ফারুক
নতুন পয়গাম, মালদা:
মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) করণের পরিচালনায় এবং মানিকচক ব্লক প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মানিকচকে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়েছে। এই পদযাত্রার উদ্দেশ্য দিবসটির লক্ষ্য ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা। পদযাত্রায় অংশগ্রহণ করেন, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)বাণীব্রত দাস,জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) মলয় মণ্ডল, জয়েন্ট বিডিও, মনিকচক সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক মহম্মদ পারভেজ সহ প্রায় শতাধিক শিক্ষক- শিক্ষিকা।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো-ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের ১৪ তম অধিবেশনে ৮ সেপ্টেম্বর তারিখকে “আন্তর্জাতিক সাক্ষরতা দিবস” হিসেবে ঘোষণা করা হয়।
এই প্রসঙ্গে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)বাণীব্রত দাস বলেন ,জনসাধারণকে আরও শিক্ষিত, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সমাজ গঠনের জন্য সাক্ষরতার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কর্মসূচি পালন করা হয়। পদযাত্রার মাধ্যমে জনসাধারণের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা হয়।








