ব্রিকস-এ ট্রাম্পের শুল্কনীতির নিন্দায় ভারত
নতুন পয়গাম, নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর: গাজোয়ারি বা দাদাগিরি করতে ভারত-সহ একাধিক দেশের উপর চড়া হারে আমদানি শুল্ক আরোপ করেছে ট্রাম্পের আমেরিকা। তারই প্রতিবাদে ব্রিকস গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে ওয়াশিংটন প্রশাসনকে বিঁধলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সাফ বলেন, বাণিজ্যের জন্য গঠনমূলক ও সহযোগিতামূলক সময়োপযোগী কার্যকর পদক্ষেপ করা প্রয়োজন। সার্বিক প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত। অহেতুক বাধা ও জটিলতা সৃষ্টি করে লাভ নেই। বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে ব্রিকস-এর সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জশংকর।
উল্লেখ্য, রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এর আগে ছিল ২৫ শতাংশ। সব মিলিয়ে এখন ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছে হোয়াইট হাউস। ব্রাজিলের উপরেও একইভাবে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে। এই আবহে এদিন ভার্চুয়াল বৈঠকে মিলিত হন ব্রিকস-ভুক্ত দেশগুলো। তাতে ভারতের প্রতিনিধিত্ব করে বিদেশমন্ত্রী জয়শঙ্কর ট্রাম্পের আমেরিকাকে কাঠগড়ায় তোলেন। এই বৈঠকে চীনা প্রেসিডেন্ট জি জিনপিং বলেন, ‘কিছু দেশ আন্তর্জাতিক বাণিজ্যকে কুক্ষিগত করতে এবং বিশ্ব বাণিজ্যে মৌরসিপাট্টা চালাতে শুল্ক-যুদ্ধ শুরু করেছে। এতে ব্যাহত হচ্ছে সারা বিশ্বের বাণিজ্য ও অর্থনীতি। ব্রিকসের সসদ্য দেশগুলোকে একজোট হয়ে এই আগ্রাসী শুল্কনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান জিনপিং।








