হিডকোর নতুন চেয়ারম্যান চন্দ্রিমা
নতুন পয়গাম, কলকাতা, ৯ সেপ্টেম্বর:
হিডকো-র নতুন চেয়ারম্যান হলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০১২ থেকে এই পদে ছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। গতবছর ডিসেম্বরে হিডকো নিজের হাতে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডেপুটি চেয়ারম্যান হন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এবার ‘আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ’ হিডকো-র চেয়ারম্যান নিযুক্ত হলেন আইনজীবী তথা রাজ্যের অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলবার নবান্ন থেকে তাঁর নিয়োগে সিলমোহর দিয়ে বিজ্ঞপ্তি জারি হয়।
নতুন দায়িত্ব পেয়ে চন্দ্রিমা বলেন, মুখ্যমন্ত্রী আমার ওপর ভরসা রেখে এই গুরুদায়িত্ব দিয়েছেন, আমি কৃতজ্ঞ। মন-প্রাণ দিয়ে কাজ করব। উল্লেখ্য, গত ডিসেম্বরেই হিডকোকে পুর ও নগরোন্নয়ন দফতরের অধীন থেকে সরিয়ে আনা হয় প্রশাসনিক সংস্কার ও কর্মিবর্গ দফতরের অধীনে। এই দফতরের দায়িত্বে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
রাজ্যের স্বাস্থ্য ও অর্থ দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার রাজ্য সভানেত্রীও। এবার হিডকোর গুরুদায়িত্বও তাঁকেই দিলেন মুখ্যমন্ত্রী। বামফ্রন্ট সরকারের আমলে হিডকো ছিল আবাসন দফতরের অধীন। তখন আবাসনমন্ত্রী হিসেবে গৌতম দেব ছিলেন হিডকো-র চেয়ারম্যান।








