এসআইআর: আধারকেও নথি হিসেবে মান্যতা দিতে বলল সুপ্রিম কোর্ট
নতুন পয়গাম, নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর:
গত সপ্তাহে এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল, আধার একমাত্র নাগরিকত্বের প্রামাণ্য নথি হতে পারে না। সোমবার বলল, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর-এর জন্য প্রামাণ্য নথি হিসেবে মানতে হবে আধার কার্ডকেও। ফলে এদিন বড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। এদিন দেশের শীর্ষ আদালত এও মনে করিয়ে দিয়েছে যে, আধার কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যাবে এই সচিত্র পরিচয়পত্র।
বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। ফলে ভোটার তালিকায় নাম তোলার জন্য ১১টি নথি নয়; বরং ১২ নম্বর নথি হিসেবে যুক্ত হল আধার কার্ডও। আবার জমা দেওয়া আধার কার্ড জাল কিনা, তা নির্ধারণ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানান, কারও নাগরিকত্বের পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধার কার্ডের সাহায্য নেওয়া যেতে পারে। এটা একমাত্র প্রামাণ্য নথি না হলেও অন্যান্য নথির সঙ্গে আধারকেও মান্যতা দিতে হবে।








