বিজেপির আর্জি খারিজ সুপ্রিম-রায়ে স্বস্তিতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।
নতুন পয়গাম, নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর:
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে বিজেপির তরফে দায়ের করা মানহানি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলায় বিজেপিকে ভর্ৎসনা করে দেশের শীর্ষ আদালত বলেছে, বিচার বিভাগকে রাজনৈতিক লড়াইয়ের আখড়া হতে দেওয়া যাবে না। সমালোচনা সহ্য করার মতো রাজনৈতিক নেতাদের গায়ে মোটা চামড়া থাকা উচিত। এর আগে এই সংক্রান্ত তেলেঙ্গানা হাইকোর্টে গেরুয়া শিবিরের আর্জি খারিজ হয়ে যায়। এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিজেপি। কিন্তু সোমবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি বি.আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চও তেলেঙ্গানার কংগ্রেসী মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির পাশে দাঁড়ায়। ফলে এদিন খালি হাতেই ফিরতে হল মামলাকারী বিজেপি নেতাদের।
সর্বশেষ ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি দাবি করেছিলেন, বিজেপি ৪০০ আসন জিতে ক্ষমতায় এলে সংবিধান বদলে দেবে। তখন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা সব লাটে উঠে যাবে। এই বক্তব্যের পরেই রেবন্তের বক্তব্যকে মিথ্যা ও অপমানজনক বলে অভিহিত করে তেলেঙ্গানা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপির রাজ্য নেতৃত্ব। সেই মামলা এদিন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।








