তৃণমূলের সভায় কংগ্রেসের পতাকা! দলবদলের হিড়িকে নতুন চমক
সাহিনুর ইসলাম
নতুন পয়গাম, ভাঙড়: বিজেপি ও আইএসএফ বিরোধী প্রতিবাদ সভায় রীতিমতো চমকপ্রদ দৃশ্যের সাক্ষী রইল ভাঙড়। তৃণমূল কংগ্রেসের আহ্বানে অনুষ্ঠিত সভায় হঠাৎই উড়ে উঠল কংগ্রেসের পতাকা। মঞ্চে হাজির হলেন প্রাক্তন কংগ্রেস নেতা রফিকুল ইসলাম সহ শতাধিক কংগ্রেস কর্মী। তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
শুধু কংগ্রেস নয়, বিজেপি শিবির থেকেও যোগদান করলেন প্রায় শতাধিক নেতা-কর্মী। এদিনের সভা তাই দলবদলের উৎসবের আবহে জমে উঠল।
প্রাক্তন কংগ্রেস নেতা রফিকুল ইসলাম বলেন- “গত বিধানসভায় আমরা নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে পাঠিয়েছিলাম। কিন্তু গত চার বছরে ৫ ফুটও রাস্তা করতে পারেননি। উন্নয়নের নামে মানুষকে ভাঁওতাবাজি ও চটিংবাজি করেছেন। তাই উন্নয়নের স্বার্থে আমরা শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দিলাম। ”
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন নেতা প্রবীর ঘোষ বলেন- “বিজেপি শুধু কুৎসা রটাচ্ছে। সাধারণ গরিব মানুষের পাশে নেই। কর্মীদেরও সম্মান দেওয়া হয় না। তাই আমরাও তৃণমূলের পতাকা তলায় এসেছি।”








