মিডডে মিলের মান নিয়ে বিক্ষোভ
খান সাহিল মাজহার, নতুন পয়গাম, বীরভূম:
বীরভূম জেলার সিউড়ি ২ নাম্বার ব্লকের অন্তর্গত কুলেরা গ্রামে কুলেরা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, নিম্ন মানের সামগ্রী দিয়ে মিড ডে মিল তৈরি হওয়ায় ছাত্রছাত্রীদের জন্য খাবার কার্যত অখাদ্য হয়ে দাঁড়িয়েছে। শনিবার স্কুলে খিচুড়ি ও কুমড়োর তরকারি দেওয়া হয়। এই খাবার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ছাত্রছাত্রীদের অভিভাবক এবং গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীদের দাবি, বর্তমান প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার আগে এই স্কুলে মিড ডে মিলের খাবারের মান অনেক ভালো ছিল। তখন ছাত্রছাত্রীদের অধিকাংশ দিনই ডিম, মাছ, মাংস পরিবেশন করা হতো। কিন্তু নতুন প্রধান শিক্ষক যোগ দেওয়ার পর থেকে সেই সমস্ত খাবার একেবারেই বন্ধ হয়ে গেছে। শুধু খিচুড়ি কিংবা সামান্য সবজির তরকারিই এখন দেওয়া হচ্ছে। ফলে ছাত্রছাত্রীদের পুষ্টির দাবি পূরণ হচ্ছে না বলেই অভিযোগ তুলেছেন অভিভাবকরা। রান্নার কর্মীরাও একই অভিযোগ জানিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা চরমে ওঠে। গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে সরাসরি প্রধান শিক্ষকের ঘরে ঢুকে তাঁকে ভেতরে আটকে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় থানায়।
খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এসে প্রধান শিক্ষকের ঘরের দরজা খুলে তাঁকে বাইরে আনে এবং গ্রামবাসী ও রান্নার কর্মীদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনে। এরপর পুলিশ সরাসরি রান্নাঘরে গিয়ে সেদিনের রান্না খিচুড়ি ও কুমড়োর তরকারি পরীক্ষা করে দেখেন।
ঘটনাকে কেন্দ্র করে কুলেরা গ্রামে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, যদি দ্রুত মিড ডে মিলের খাবারের মানোন্নয়ন না হয় তবে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে, পুলিশ স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে।







