ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের প্রয়াণে শোকস্তব্ধ মুর্শিদাবাদ
নতুন পয়গাম, ৪ সেপ্টেম্বর:
প্রায় এক মাস ধরে অসুস্থ অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডোমকলের তৃণমূল কংগ্রেস বিধায়ক জাফিকুল ইসলাম (বয়স ৪৯)। ক্যান্সার, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে মুর্শিদাবাদ জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
প্রয়াত বিধায়কের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানসহ জেলার ও রাজ্যের বহু নেতা তাঁর অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন। বিরোধী দলের একাংশ শোক প্রকাশ করেছেন।
১৯৭৬ সালের ৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন জাফিকুল ইসলাম। ২০১৭ সালে প্রথমে ডোমকল পৌরসভার কাউন্সিলর এবং পরে পৌরপিতা নির্বাচিত হয়ে রাজনীতিতে সক্রিয় পথচলা শুরু করেন। ২০২১ সালে ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। রাজনৈতিক জীবনের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গড়ে তুলে তিনি এলাকাবাসীর কাছে অমূল্য দিশারী হয়ে উঠেছিলেন।
অকালপ্রয়াণে সমগ্র ডোমকল ও মুর্শিদাবাদ হারাল এক যোগ্য জনপ্রতিনিধি, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বকে। এলাকাবাসীদের অনেকেই আবেগভরে জানিয়েছেন—“এমন একজন তরুণ নেতৃত্বের অভাব হয়তো আর কোনো দিন পূরণ হবে না।”








