ফের গড়কড়ি-বোমা
নতুন পয়গাম, নাগপুর, ২ সেপ্টেম্বর:
স্পষ্ট কথায় কষ্ট নেই। এই নীতিতেই বিশ্বাসী কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। স্পষ্ট ভাষণের জন্য প্রায়ই তিনি সংবাদের শিরোনামে জায়গা করে নেন। এতে দেশবাসীর কাছে তার ভাবমূর্তিও স্পষ্ট হয়। বিরোধীদের অভিযোগ, বিজেপি তথা কেন্দ্র সরকারের কাজকর্মে দেশবাসীর একটা বড় অংশ তিতিবিরক্ত। তাই সেই ক্ষোভ যাতে বিজেপির ভোট বাক্সে ভাঙন না ধরাতে পারে, সেজন্য মোহন ভাগবত, নীতিন গড়কড়িদেরকে দিয়ে মাঝে মধ্যে এরকম জনপ্রিয় কথাবার্তা বলানো হয়। এছাড়া আর কিছু নয়। গড়কড়ি যদি এসব কথা নিজে থেকে বলতেন, তাহলে তাকে কবেই মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হত। আবার কেউ কেউ বলছেন, বিজেপি তথা শীর্ষনেতাদের জুমলাবাজির বিরুদ্ধে এভাবে কথা বলে আসলে মোদি-শাহদেরকে ইংগিত করলেন নীতিন।
সোমবার নাগপুরে অখিল ভারতীয় মহানুভব পরিষদের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নীতিন বলেন, মানুষের জীবনে সততা, নিষ্ঠা ও মূল্যবোধই হওয়া উচিত পথপ্রদর্শক, কোনভাবেই শর্টকাটে সাফল্য খোঁজা উচিত নয়। শর্টকাট হয়ত অল্প সময়ে কিছু ফল দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা বিশ্বাসযোগ্যতা ও সুনাম নষ্ট করে। উদাহরণ দিয়ে গড়করি বলেন, রাস্তা পার হতে গিয়ে কেউ যদি ট্রাফিক সিগন্যাল না মেনে লালবাতি অমান্য করে, তবে সে হয়ত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে যাবে, কিন্তু এর মধ্যেই লুকিয়ে থাকে বড় বিপদের আশঙ্কা। তাই সত্য, সততা, নিষ্ঠা ও বিশ্বাসযোগ্যতাই মানুষকে স্থায়ী সাফল্যের দিকে নিয়ে যায়। সবশেষে সত্যই জয়ী হয়।








