‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ২৬ দিনে শিবিরে এক কোটি মানুষ
‘আমাদের পাড়া, আমাদের সমাধান’
২৬ দিনে শিবিরে এক কোটি মানুষ
নতুন পয়গাম, কলকাতা, ২৯ আগস্ট: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে গত ২৬ দিনে এক কোটি মানুষ বিভিন্ন প্রয়োজনে অংশগ্রহণ করেছে। সাধারণ মানুষের স্থানীয় নানা সমস্যা সমাধানের লক্ষ্যে ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে বুথভিত্তিক এই শিবির চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এজন্য প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা ব্যয়ের লক্ষ্যমাত্র নিয়েছে রাজ্য। কোন এলাকায় কী কাজ হবে, তা ঠিক করছেন এলাকার সাধারণ মানুষই। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ১৪ হাজার ৫০০ শিবির হয়েছে। যদিও মোট ২৭ হাজার ক্যাম্প আয়োজন করার টার্গেট নিয়েছে রাজ্য। খুব শীঘ্রই বাকি শিবিরগুলো হয়ে যাবে।
প্রতিদিনই বিভিন্ন জেলায়, বিভিন্ন ব্লকে, পঞ্চায়েত স্তরে এই শিবির চলছে। সেখানে প্রধান, সভাপতি, সভাধিপতি, বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা ঘুরিয়ে ফিরিয়ে হাজির থাকছেন। তারা শিবিরে গিয়ে সরাসরি মানুষের সমস্যা ও অসুবিধার কথা শুনছেন। প্রয়োজনে তৎক্ষণা্ৎ সমাধানের লক্ষ্যে পদক্ষেপ করছেন।
শুক্রবার রাজ্য সরকার এই সাফল্যের কথা তুলে ধরে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমরা রাজ্যের প্রতিটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর। যেকোনও সমস্যার সমাধান করে একেবারে তৃণমূল স্তরে দ্রুত গতিতে বহুমুখী জনকল্যাণমূলক সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’
উল্লেখ্য, সারা দেশে এই প্রথম কোনো রাজ্যে এমন অভিনব কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।








