এক বছরে ইএসআই গ্রাহক কমেছে ২ লক্ষাধিক
নতুন পয়গাম, নয়াঘদিল্লি, ২৩ আগস্ট: মাত্র এক বছরের মধ্যে ২ লক্ষাধিক কমে গিয়েছে ইএসআই-এর গ্রাহক সংখ্যা। ২০২৪ সালের জুনে এই সংখ্যা ছিল ২১ লক্ষ ৬৭ হাজার। আর ২০২৫-এর জুনে কমে হল ১৯ লক্ষ ৩৭ হাজার। এই পরিসংখ্যান কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের আওতাধীন কর্মচারী রাজ্য বিমা নিগম বা ইএসআইসি-র।
উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসের নিরিখে সারা দেশে নতুন ইএসআই গ্রাহকের অন্তর্ভুক্তি প্রসঙ্গে কেন্দ্র সরকার জানিয়েছিল, মে মাসের তুলনায় জুনে এই সংখ্যা নাকি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিন্তু গত বছর জুন মাসের এই সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখতেই চোখ কপালে উঠেছে বিশেষজ্ঞদের। তারা বলছেন, ইএসআই-এর মতো বিষয়েও জুমলার পথে কেন্দ্র সরকার।
বিরোধীদের অভিযোগ, মোদি সরকারের আমলে গত ১১ বছরে দেশব্যাপী কর্মসংস্থানের যে ভয়াবহ কঙ্কালসার চেহারা ফুটে উঠেছে, তার জেরেই ইএসআই গ্রাহক মাত্র এক বছরের মধ্যে প্রায় আড়াই লক্ষ কমে গেল। জুমলাবাজি ছাড়া এই সরকারের কাজেকর্মে সততার লেশমাত্র নেই। স্বচ্ছতা ও সদিচ্ছার অভাব কেন্দ্রের প্রতিটা পদক্ষেপে ধরা পড়ছে। তারা এসব জ্বলন্ত সমস্যা ভুলিয়ে দিতে এবং নিজেদের ব্যর্থতা ঢাকতে জাতপাতের নোংরা সাম্প্রদায়িক রাজনীতি দিয়ে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার পাঁয়তারা কষছে।








