উদ্ধার সাঁতারু বুলা চৌধুরীর পদ্মশ্রী পদক
নতুন পয়গাম, হুগলী: এক সপ্তাহ পর উদ্ধার হল অর্জুন পুরস্কারপ্রাপ্ত সাঁতারু বুলা চৌধুরীর চুরি হয়ে যাওয়া পদ্মশ্রী পদক সহ ১৩টি পদক। এই নিয়ে মোট ৩০৮ টি পদক পুলিশ উদ্ধার করল। একই সঙ্গে মূল অভিযুক্ত সেখ সামিম সহ আরও দুজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় প্রকাশ, গত ১৫ আগষ্ট প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ির পেছনের দরজা ভেঙে বাড়িতে ঢুকে চোরেরা সব পদক চুরি করে নিয়ে পালিয়ে যায়। যদিও তাঁর হিন্দমোটরের বাড়িতে পদ্মশ্রীর ছোট পদকটি থাকায় সেটি রক্ষা পায়। এই ঘটনায় খুবই মর্মাহত হয়ে পড়েন সাঁতারু। কয়েকদিন বাদে আজ সব পদক উদ্ধার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলে পুলিশকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। পুলিশের এই কাজের প্রশংসা করে বুলা বলেন, পুলিশেরও নোবেল পাওয়া উচিত। কথা বলতে বলতে আক্ষেপের সুরে বলেন, ৬ বছর বয়স থেকে তিনি সাঁতার শুরু করেন। সাফ গেমস, এশিয়ান গেমসে পদক জেতার পাশাপাশি সারা জীবনের স্বীকৃতি হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছি, রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী পেয়েছি। সেই পদক যখন চুরি হয়ে যায় তখন খুব খারাপ লেগেছিল। একটা পদক জয় করতে যে কত পরিশ্রম করতে হয় তা প্রতিযোগীরাই জানেন। পদকগুলো ফিরে পাওয়ায় তিনি শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস সহ উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল ও তাঁর টিমের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। পুনরায় পদকগুলো পেয়ে বুলা চৌধুরীর বাড়িতে এখন খুশির হাওয়া।







