বিভিন্ন দাবিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশন
নতুন পয়গাম, কোচবিহার:
ছাত্র-ছাত্রীদের পড়াশোনা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ ‘নিপ্রম’-এর কোচবিহার জেলা কমিটির ডাকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কাছে ডেপুটেশন দেওয়া হল। উত্তরবঙ্গের এই জেলার বহু
ছাত্র-ছাত্রী আরবি এবং মাসকমিউনিকেশনে গ্র্যাজুয়েশন করেছেন। কিন্তু তাদের মাস্টার্স করার জন্য পাড়ি দিতে হয় বহুদূরে দক্ষিণবঙ্গের জেলাগুলোয়। ফলে অধিকাংশ ছাত্র-ছাত্রীর পড়াশোনা মাঝপথেই থেমে যাচ্ছে বা তারা এম.এ করতে পারছে না।
এছাড়া সদ্য প্রকাশিত CBCS-UG ষষ্ঠ সেমিস্টারের রেজাল্ট পুনর্মূল্যায়নের দাবিতে, শীতলকুচি কলেজ ব্যতীত অন্যান্য কলেজগুলোতেও স্নাতক স্তরে আরবি বিভাগ চালুর দাবিতে এবং যে সমস্ত UG-CBCS এর ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, সে বিষয়ে পুনর্বিবেচনার দাবি জানিয়ে নিপ্রম-এর কেন্দ্রীয় কমিটির আহ্বানে এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রাহুল হোসেন, জেলা সম্পাদক সিদ্দিক হোসেন, ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে রবীণ বর্মন-সহ শীতলকুচি ও অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ। অবিলম্বে তাদের এসব দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে তারা। তাদের কথায়, বঞ্চনা নয়, আমরা আমাদের প্রাপ্য অধিকার চাই।







