মালদার সুজপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা! লরির ধাক্কায় মৃত ১, আহত ২
ফের মালদার সুজপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা! লরির ধাক্কায় মৃত ১, আহত ২
আবু রাইহান, নতুন পয়গাম, কালিয়াচক: ফের মালদার সুজাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। সোমবার দুপুর নাগাদ মালদার সুজাপুরের ডাঙ্গা এলাকায় ১২নং জাতীয় সড়কে এক বেপরোয়া লরির ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। গুরুতর জখম হয়েছেন আরও দুই বাইক আরোহী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম আব্দুল গণি (৩০)। বাড়ি কালিয়াচকের বামনগ্রাম এলাকায়। এদিন দুপুরে তিন বন্ধু মিলে একটি বাইকে সুজাপুর থেকে বামনগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। সেইসময় ফরাক্কাগামী একটি লরি বাইকটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে তিনজনেই বাইক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় আব্দুল গণির। বাকি দুই সঙ্গী গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি ঘাতক লরিটি আটক করে তদন্ত শুরু করেছে।







