অধীর চৌধুরীর নেতৃত্বে বড়ঞায় প্রতিবাদসভা
অধীর চৌধুরীর নেতৃত্বে বড়ঞায় প্রতিবাদসভা
কান্দি মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দাবিতে কংগ্রেসের ডেপুটেশন
এজাজ আহম্মেদ, নতুন পয়গাম, বড়ঞা:
কান্দি মাস্টারপ্ল্যানের অধীনে বাঁধ মেরামতি, অবৈধ বালি খাদান বন্ধ-সহ মোট ৯ দফা দাবিকে কেন্দ্র করে সোমবার বড়ঞা ব্লকের বিডিওকে ডেপুটেশন দিল জাতীয় কংগ্রেস। পাশাপাশি মুর্শিদাবাদের ডাকবাংলা হাট ময়দানে অধীর রঞ্জন চৌধুরির নেতৃত্বে কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সেই সভা থেকে অধীর চৌধুরী হুঁশিয়ারি দেন, স্থানীয় প্রশাসন অবিলম্বে ময়ূরাক্ষী ও কুয়ে নদী থেকে অবৈধ বালি খাদান বন্ধ না করলে কংগ্রেস বৃহত্তর গণআন্দোলনের পথে নামবে। তিনি অভিযোগ করেন, কোটি কোটি টাকার অবৈধ বালি পাচার হচ্ছে। এলাকাবাসী অনেকবার অভিযোগ করলেও এখনো প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। এদিন তিনি কংগ্রেস শাসিত রাজ্যগুলির উদাহরণ টেনে বাংলায় মহিলাদের জন্য ‘লক্ষ্মী ভাণ্ডার’ প্রকল্পে অনুদান বাড়িয়ে ২৫০০ টাকা করার দাবি জানান এবং ভবিষ্যতে আরও জোরালো আন্দোলনের ডাক দেন।
বন্যা সমস্যা প্রসঙ্গ টেনে অধীরবাবু বলেন, “২০১২ সালে ইউপিএ আমলে কেন্দ্র সরকার কান্দি মাস্টারপ্ল্যান অনুমোদন করে। এর ফলে মানুষ বন্যার আতঙ্ক ভুলে গিয়েছিল। কিন্তু তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের চরম উদাসীনতায় আজ আবার কান্দি-সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে দেখা দিয়েছে।”
অধীরের অভিযোগ, অবিলম্বে কান্দি মাস্টারপ্ল্যান সঠিকভাবে বাস্তবায়িত করতে হবে। এছাড়াও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষত খুন ও সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বেহাল রাস্তাঘাটের দ্রুত মেরামতি এবং আবাস যোজনার অধীনে প্রকৃত যোগ্য প্রাপকদের নাম অন্তর্ভুক্ত করারও দাবি জানান। অন্যান্য দাবি-দাওয়ার মধ্যে ছিল কৃষকদের ফসলের ক্ষতিপূরণ, বার্ধক্য ও বিধবা ভাতা বৃদ্ধি এবং বৈধ নাগরিকদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা।
এদিনের কর্মসূচিতে জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তীও উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলন চলবে, যতক্ষণ না সরকার তাদের দাবি মেনে নিচ্ছে। ডেপুটেশন শেষে বিডিও-র কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।








