‘আমাদের পাড়া আমাদের সমাধান’ সোনারপুরে বিক্ষোভের মুখে তৃণমূল কাউন্সিলর
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, সোনারপুর: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর সোনালি রায়। তাঁকে দেখেই হঠাৎই চিৎকার চেঁচামেচি শুরু করেন, বিক্ষোভ দেখান মহিলারা। সোমবার ২৫ নম্বর ওয়ার্ডের এই শিবিরকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হয়। যদিও কাউন্সিলর সোনালি রায় বলেন, অভিযোগ যে কোনও মানুষের বিরুদ্ধেই থাকতে পারে, তা দলকে জানাক। এখানে এসে শিবির বানচাল করার অধিকার কারও নেই। এটা বিরোধীদের ষড়যন্ত্র। এসব বরদাস্ত করা হরবে না।
স্থানীয়দের অভিযোগ, দু’বারের কাউন্সিলর সোনালি রায় এলাকার জন্য তেমন উল্লেখযোগ্য কিছুই করেননি। ফলে এলাকায় অনুন্নয়নের ছাপ সর্বত্র। মানুষের ভোটে দু-বার জিতলেও মানুষের জন্য কাজ করেন না। তাই তাঁকে এই ওয়ার্ডের মানুষ বয়কট করেছেন।
বিক্ষোভকারীদের আরও অভিযোগ, কাউন্সিলর সোনালি রায় আট বছর ধরে কোন পরিষেবা দেননি, কোনও কাজ করেননি। রাস্তাঘাটের অবস্থা দেখলে তা বোঝা যায়। কাউন্সিলর বলেন, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ রাজ্য সরকারের একটা জনমুখী প্রকল্প। তাই সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় সমাধান পায়, সেকথা ভেবে এই ক্যাম্প বানচাল হতে দেব না।







