ফাজিলের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে অন্য সেন্টারে
নতুন পয়গাম, কলতাকা, ১৮ আগস্ট: রাজ্যে গত বছর থেকে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। একাদশ-দ্বাদশ মিলিয়ে মোট চারটি সেমিস্টারের পরীক্ষা হবে। গত বছর যারা একাদশ শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে, তাদের জন্য এই প্রথমবার তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে। ২৮ আগষ্ট থেকে রাজ্যের ২৩টি প্রধান ভেন্যু থেকে পরীক্ষা কেন্দ্রগুলোর জন্য তৃতীয় সেমিস্টারের পরীক্ষা বিষয়ক নথিপত্র বিতরণ করা হবে।
একই সঙ্গে রাজ্যের মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত সিনিয়র টাইপ মাদ্রাসায় যেখানে ফাজিল কোর্স পড়ানো হয়, তাদেরও তৃতীয় সেমিস্টার পরীক্ষা আগামী মাসে পর্ষদ কর্তৃক নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত ফরম ফিল-আপ ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন প্রক্রিয়ায়। ফরম ফিল-আপ চলবে ২১ আগস্ট পর্যন্ত। রাজ্যের শতাধিক সিনিয়র মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তৃতীয় সেমিস্টার পরীক্ষা দেবে।
এদিকে হাই মাদ্রাসার নবম শ্রেণির ও আলিমের এবং সিনিয়র মাদ্রাসার একাদশের রেজিস্ট্রেশন শুরু হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশানুসারে। কোনরূপ ফাইন ছাড়া এই প্রক্রিয়া চলবে ৩০ আগস্ট পর্যন্ত।








