আমাদের পাড়া কর্মসূচি: খাদ্য দপ্তরের বরাদ্দ ৯৫ লক্ষ টাকা
নিজস্ব প্রতিবেদন, নতুন পয়গাম, কলকাতা: ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প বা কর্মসূচি রূপায়ণের জন্য রাজ্যজুড়ে এখন বিশেষ শিবির খোলা হচ্ছে। দুয়ারে সরকার-এর মতো এই সর্বজনীন প্রকল্প চালানোর জন্য রাজ্যের খাদ্যদপ্তর থেকেও দু’দফায় প্রায় ৯৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এ থেকে রাজ্যের প্রত্যেক ব্লক ও পুরসভা কত টাকা করে পাবে, তা খাদ্যদপ্তরের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
একটি দফায় মোট বরাদ্দ করা হয়েছে ২৪ লক্ষ ৮৬ হাজার হাজার টাকা। সেখানে প্রত্যেক পুর কর্পোরেশনের জন্য ১৭ হাজার টাকা এবং প্রতি ব্লক ও পুরসভার জন্য ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় ৬৯ লক্ষ ৯০ হাজার টাকা করে বরাদ্দ রয়েছে। এর মধ্যে ১৭ হাজার টাকা প্রতি ব্লকের জন্য ও ৯ হাজার টাকা প্রতি পুরসভার জন্য বরাদ্দ হয়েছে। নির্দেশিকার মধ্যে কোন জেলা (কলকাতাসহ) কত টাকা করে পাবে সেটাও বলে দেওয়া হয়েছে। খাদ্যদপ্তরের যে প্রশাসনিক কাঠামো আছে তার ভিত্তিতেই টাকা বরাদ্দ করেছে খাদ্যদপ্তর। খাদ্যদপ্তরের জেলা আধিকারিকদের মাধ্যমে টাকা খরচ করতে বলা হয়েছে।
এই উদ্যোগের জন্য দু’দফায় যে টাকা বরাদ্দ করা হয়েছে, তা কোন কোন খাতে খরচ করতে হবে, সেটাও নির্দিষ্ট করে দিয়েছে খাদ্যদপ্তর। ২৪ লক্ষ ৮৬ হাজার টাকা বরাদ্দ থেকে ফর্ম ছাপা, খাদ্যসাথী প্রকল্পের জন্য খরচা করা, কর্মীদের যাতায়াত বাবদ খরচ ও দুয়ারে সরকার উদ্যোগের জন্য বিভিন্ন খরচ করা যাবে। প্রসঙ্গত, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ উদ্যোগের জন্য বুথভিত্তিক যে শিবিরগুলি খোলা হচ্ছে, সেখানে দুয়ারে সরকারের আলাদা কাউন্টার থাকছে। দ্বিতীয় দফায় যে ৬৯ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে, তা কী কী খাতে খরচ করা যাবে, সেটাও নির্দিষ্ট করে দিয়েছে। এর মধ্যে খাদ্যসাথী প্রকল্পের স্টল বসানো, আসবাবপত্র ও প্রয়োজনীয় উপকরণ জোগাড় করতে, পাবলিক অ্যাড্রেস সিস্টেম, স্টলের কর্মীদের চ-টিফিনের ব্যবস্থাও থাকবে।








