এসআইআর: বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সভা
নিজস্ব প্রতিবেদন, নতুন পয়গাম: মিঠাখালি বালিফিল্ড দাতব্য চিকিৎসা কেন্দ্রে রবিবার অনুষ্ঠিত হল এসআইআর বিষয়ক আলোচনা ও ক্যানিং বিদ্বজ্জন সভা। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের কার্যকরী সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে প্রোগ্রাম শুরু হয়। এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বিষয়ে সাবির হোসেন সুন্দর বিশ্লেষণ করেন। এছাড়া বিভিন্নজন এ বিষয়ে উদ্বেগ, উৎকণ্ঠা নিরসনে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। এসআইআর-এর নাম করে দেশজুড়ে এক বিতর্কিত অশুভ চক্রান্ত ও নিন্দনীয় দুরভিসন্ধিকে সবাই ধিক্কার জানান। অন্যান্য বিষয়ের উপর বিভিন্ন বক্তা সবিস্তার আলোকপাত করেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন প্রাক্তন ডি.আই নজরুল হক সিপাই, মিশনারী ফাদার স্যামুয়েল ঘড়ুই, আইনজীবী হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, চিফ প্যাট্রন মাওলানা আনোয়ার হোসেন কাসেমী প্রমুখ।
ক্যানিংয়ের ড. লিয়াকত আলী লস্করকে অনন্য সামাজিক অবদানের জন্য মেমেন্টো, মানপত্র-সহ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহান আলী পুরকাইত বলেন, উদ্ভুত বিভিন্ন সমস্যার নেপথ্যে অশুভ ষড়যন্ত্র রয়েছে। একেএম গোলাম মর্তুজা বিভিন্ন জনের বক্তব্য বিশ্লেষণ করে পরিপূরক সংযোজন করেন। সভাপতি শিক্ষক আব্দুর রউফ জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান।







