জনগণের ভোটাধিকার চেয়ে বিহারে পদযাত্রায় রাহুল-লালু
নতুন পয়গাম, সাসারাম, ১৭ আগস্ট: বিহারের সাসারামে রাহুল গান্ধির ‘ভোটার অধিকার যাত্রা’য় যোগ দিতে রওনা হওয়ার আগে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব বলেন, রাহুল গান্ধি আমাদের সঙ্গে থাকায় ভাল হয়েছে। আমরা মোদি জামানায় দেশের বর্তমান পরিস্থিতির অরাজকতা ও অচলাবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়ছি। দায়িত্বশীল বিরোধীর ভূমিকা নিয়ে চলেছি। বিজেপি ও তার এনডিএ জোটের শরিকরা মানুষের সাংবিধানিক ও মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই সরকারের অধীনে জরুরি অবস্থার থেকেও খারাপ পরিস্থিতি চলছে বলে দাবি করেন লালু প্রসাদ।
উল্লেখ্য, রবিবার বিহারের সাসারাম থেকে ভোটার অধিকার যাত্রার সূচনা করেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। রবিবার থেকে শুরু হওয়া এই ভোটার অধিকার যাত্রায় আগামী ১৬ দিনে ২০টি জেলায় যাবেন রাহুল গান্ধি। প্রায় ১,৩০০ কিলোমিটার পদযাত্রা করার পর ১ সেপ্টেম্বর পাটনায় এই কর্মসূচি সমাপ্ত হবে। এদিন ভোটার অধিকার যাত্রার সূচনায় রাহুল গান্ধি ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, দলের অন্যতম তরুণ নেতা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব প্রমুখ। এই কর্মসূচি মূলত এসআইআর-এর প্রতিবাদের মাধ্যমে বিহারবাসী তথা দেশবাসীকে সচেতন করা এবং বিজেপি তথা এনডিএ-র বিরুদ্ধে জনমত গঠন করা। মাস দুয়েক পর বিহারে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে আচমকা এসআইআর বা বিশেষে নিবিড় পরিমার্জনের নামে শুধুমাত্র বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ করেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা।








