ভোটাধিকার কেড়ে নিচ্ছে বিজেপি: তেজস্বী যাদব
সাসারাম, নতুন পয়গাম, ১৭ আগস্ট: এসআইআর-এর অছিলায় সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে বিজেপি। অথচ প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার হল মানুষের নাগরিক ও সাংবিধানিক অধিকার। যা সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ। মানুষকে কোন দিক থেকে সুরক্ষা দিতে না পারলেও, কবচটুকু কেড়ে নিয়ে দেশবাসীকে পথে বসানোর নোংরা ছক কষছে কেন্দ্র সরকার। রবিবার বিহারের সাসারামে রাহুল গান্ধীর সঙ্গে যৌথ প্রতিবাদ সভা ও পদযাত্রায় অংশ নিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন আরজেডি নেতা লালু-পুত্র তেজস্বী যাদব।
তাঁর কথায়, লালু ও লোহিয়া সবসময় বলে আসছেন, ‘ভোটের শাসন মানে সাধারণ মানুষের শাসন’। বিজেপির লোকজন নির্বাচন কমিশনকে চাপ দিয়ে এমন সব কাজ করাচ্ছে, যা তারা নিজেরা করতে অক্ষম। অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানকে অপব্যবহার করে দেশবাসীর সাংবিধানিক ও নাগরিক অধিকার কেড়ে নিচ্ছে।
তেজস্বী যাদব এদিন আরও বলেন, এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশন যাদেরকে মৃত বলে ঘোষণা করে ভোটার তালিকা থেকে নাম কেটে বাদ দিয়েছে, তাদেরকে ডেকে নিয়ে তাদের সঙ্গে বসে চা খেয়েছেন বিরোধী জোটের নেতা রাহুল গান্ধি। তেজস্বীর কথায়, আপনার ভোট কেবল চুরি হচ্ছে না, বরং ডাকাতি হচ্ছে। উল্লেখ্য, রবিবার ভোটার অধিকার যাত্রার সূচনা করেন রাহুল গান্ধি, সেখানেই বক্তৃতার সময় বিজেপিকে এভাবে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তেজস্বী।








