বেপরোয়া গতি, কেড়ে নিল দুটি প্রাণ
মোঃ দিলশাদ আনসারী, হুগলি, নতুন পয়গাম– স্বাধীনতা দিবসের সন্ধ্যায় হুগলির পোলবা থানার রাজহাট ঝাপা সংলগ্ন দিল্লি রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। মৃতদের পরিচয় – মহেশ্বরপুর (পোলবা) এলাকার বাসিন্দা চিন্ময় অধিকারী (১৮) এবং চাঁপদানি এলাকার কাপড় ব্যবসায়ী মো. সাহিদ (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মোগরা থেকে সুগন্ধার দিকে যাচ্ছিল দুটি মোটর বাইক, তাতে মোট চারজন আরোহী ছিলেন। সেই সময় অতিরিক্ত গতিতে চলা একটি বাইক অপর একটি বাইককে পেছন দিক থেকে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকই রাস্তার উপর পড়ে যায়।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন। অপর ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে মৃতদের পরিবার হাসপাতালে ছুটে আসে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানিয়েছেন, “অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।”








