সুন্দরবনে এক লক্ষ নারকেল গাছ বসানোর সংকল্প
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, নতুন পয়গাম, রায়দীঘি: দেশের ৭৯তম স্বাধীনতার দিনে শুক্রবার ১৫ আগস্ট সুন্দরবন এলাকায় গাছ কাটা বন্ধে লড়াই জারি রাখার পাশাপাশি এক লক্ষ নারকেল গাছ লাগানোর সংকল্প নিল সবুজ সংঘ। সুন্দরবনের ঐতিহ্যবাহী গাছপালা রক্ষার লড়াই নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ সময়োপযোগী ভাবনা। এই বিষয়কে সামনে রেখে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দীঘি বিধানসভার নন্দকুমারপুর সহ আশপাশের বিভিন্ন জায়গায় এক লক্ষ নারকেল গাছের চারা বসানোর শুভ উদ্বোধন করলেন সবুজ সংঘের প্রতিষ্ঠাতা অংশুমান দাস।
স্বাধীনতা দিবসের দিন সকাল থেকে কয়েক হাজার ছাত্র-ছাত্রী এলাকার মানুষকে সঙ্গে নিয়ে প্রভাতফেরিতে অংশ নিয়ে তিন কিলোমিটার রাস্তা পরিক্রমা করে তারা। তারপর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা হয়। সবাই অঙ্গীকার করেন, তারা গাছ কাটার হাত থেকে সুন্দরবনকে রক্ষা করবেন। এদিন বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হিসেবে বিভিন্ন জায়গায় কয়েক হাজার চারা লাগানো হয়।








