টাকি বিদ্যালয়ে মহাসমারোহে পালিত স্বাধীনতা দিবস
পারিজাত মোল্লা, নতুন পয়গাম: শুক্রবার দেশজুড়ে ৭৯তম স্বাধীনতা দিবস মহাসমারোহে পালিত হল। পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে আত্মবলিদানের মধ্য দিয়ে স্বাধীনতা এসেছে ভারতের বুকে। সেইসব বরেণ্য স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের স্মরণে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মহান দিবস পালিত হল। এদিন সকালে শিয়ালদহ সংলগ্ন টাকি গার্লস ও বয়েজ স্কুলে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয় স্বাধীনতা দিবস, যাকে ঘিরে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। দেশাত্মবোধক সংগীত, আবৃত্তি, নাচ, বক্তব্য সবই হল স্বতঃস্ফূর্তভাবে।
টাকি গার্লস প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্তর পরিচালনায় শতাধিক ক্ষুদে পড়ুয়ার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ অন্য মাত্রা এনে দেয়। উদ্বোধনী সঙ্গীত থেকে দেশাত্মবোধক নৃত্য পরিবেশনে ক্ষুদে পড়ুয়ারা সাবলীলভাবে অংশ নেয়। উপস্থিত ছিলেন শতাধিক অভিভাবক-সহ বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধীর মতো মনীষীদের সাজে আসে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া। প্রধান শিক্ষিকা সুনীতা দাশগুপ্ত জানান, “স্বাধীনতা দিবসের বর্ণময় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ক্ষুদে পড়ুয়াদের আগ্রহ সাধুবাদযোগ্য। সব ক্ষেত্রে ওরা নিজেদের সেরাটা উপহার দিতে সর্বাত্মক চেষ্টা করেছে।”
টাকি বয়েজ স্কুলের মাঠে মহাসমারোহে পালিত হয় দিনটি। শতাধিক পড়ুয়া, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে চলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এই স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা বসাক ও সহ-শিক্ষক, শিক্ষিকাদের উপস্থিতিতে সুচারুরূপে সম্পন্ন হয় সমগ্র অনুষ্ঠান। স্বাধীনতা আন্দোলন ও সংগ্রামের ইতিহাস নিয়ে অতিথিদের বক্তব্য, দেশাত্মবোধক সংগীত চলে দুপুর অবধি। উল্লেখ্য, টাকি বয়েজ ও গার্লস স্কুল পঠন পাঠনে, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে রাজ্যে বিশেষ স্থান করে রয়েছে। শুধু পড়াশোনা নয়, সামগ্রিকভাবে পড়ুয়াদের বিকাশে এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিরলসভাবে যথাযথ দায়িত্ব পালন করে চলেছেন।








