মালদায় মহা সমারোহে পালিত স্বাধীনতা দিবস
নাজমুস সাহাদাত, নতুন পয়গাম, কালিয়াচক: দেশের ৭৯তম স্বাধীনতা দিবস মহা সমারোহে পালিত হল মালদা জেলার কালিয়াচকে। এখানকার বিভিন্ন এলাকার ব্লক অফিস, থানা, পোস্ট অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কালিয়াচক কলেজ, ক্লাব ও লাইব্রেরি, কালিয়াচকের সাংবাদিকদের কার্যালয়-সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থার উদ্যোগে শুক্রবার স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। মোথাবাড়ির বিভিন্ন জায়গাতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিশেষ করে ব্লক অফিস, মোথাবাড়ি থানা, হাই স্কুল ও হাই মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়-সহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্স একাডেমি, কিশলয় বিদ্যালয়, ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল ইত্যাদি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পথ পরিক্রমা করে প্রভাতফেরির মাধ্যমে দিনটিকে যথাযোগ্য মর্যাদার পালন করা হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে নিবেদিত বিপ্লবী ও শহীদদের স্মরণ এবং দেশনায়কদের সম্মান জানান গুণীজন ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
সুজাপুর এলাকার আলতাফিয়া দারুল উলুম মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন ও উক্ত মাদ্রাসার প্রাক্তন ছাত্র হাফিজ জামিল ফারহাত অতি সম্প্রতি মালেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করায় এদিন তাকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মানিত করা হয় ও সংবর্ধনা দেওয়া হয়।








